বামপন্থীরা কি মিম ব্যবহার করবেন?

বামপন্থীরা কি মিম ব্যবহার করবেন? মিম শুনলেই অনেকের আনন্দের অনুভূতি হয়, বিশেষ করে নতুন প্রজন্মের।

ভুমিকা
বামপন্থীরা কি মিম ব্যবহার করবেন? মিম শুনলেই অনেকের আনন্দের অনুভূতি হয়, বিশেষ করে নতুন প্রজন্মের। আবার একাংশ রয়েছেন যারা মিম’কে রুচি, সংস্কৃতির দৈন্য হিসাবেই চিহ্নিত করেন। কোনও সামাজিক ঘটনাই মার্কসবাদীদের জন্য ‘এলিয়েন’ বিবেচিত হয় না। মানুষ যা কিছুর মাধ্যমে নিজেকে তুলে ধরেন সে সম্পর্কে কমিউনিস্টদের সচেতন থাকতে হয়।
বামপন্থীরা কি মিম ব্যবহার করবেন? এ বিতর্ক উঠুক, দ্বান্দ্বিক বস্তুবাদের আলোকেই উপলব্ধির চেষ্টা চলুক, এগিয়ে চলা জারি থাক। বস্তু থেকে ধারনা, মতামত অবধি দুই বিপরীতের দ্বন্দ্ব, সংঘাতের স্বাভাবিক বিজ্ঞানেই নিষ্কাশিত হয় প্রকৃত সত্য, সেটিই সিন্থেসিস। মার্কসবাদের দর্শন সে কথাই বলে।
তাই এই প্রতিবেদন। ফিনল্যান্ডের মানুষ আলমা তুভা, তার সঙ্গে কথা বলেছেন জ্যাকোবিন পত্রিকার প্রতিনিধি জেনা জাউইহাইনেন। গত ৮ই জুলাই, সেই সাক্ষাতকার প্রকাশিত হয়। পার্টির রাজ্য ওয়েবসাইটে বাংলা অনুবাদে সেটি প্রকাশিত হল।

আলমা তুভা
কঠিন ভাষ্যে জটিল তত্ত্বের অবতারণা।
বামপন্থীদের বিরুদ্ধে বাঁধা গৎ অনুযোগের অন্যতম একটি হল কঠিন ভাষ্য ব্যবহার। এহেন অনুযোগের প্রেক্ষিত কেবল ভারতীয় না, দুনিয়াজোড়া। নীরস বাঁধা গৎ অভিযোগটির মতনই। সম্প্রতি সেই বাঁধা গৎ ভেঙে বেশ কিছু চমকপ্রদ উদাহরণ তৈরী করেছেন ফিনল্যান্ডের তরুণী আলমা তুভা। আলমা একজন বামপন্থী মানুষ।
বছর বত্রিশের তরুণী আলমা ফিনল্যান্ডের সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে বামপন্থী ব্লকের পক্ষ থেকে ভোটে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছেন। সামগ্রিক ভাবেই ফিনল্যান্ডের নির্বাচনে বামপন্থী ব্লক অত্যন্ত ভালো ফলাফল করেছে। অতি দক্ষিণপন্থীদের বেহাল দশা প্রকাশ পেয়েছে ফিনিস পার্টির নেত্রী, ফিনল্যান্ডের উপ প্রধানমন্ত্রী Riikka Purra’র ক্ষেদোক্তিতে। সাম্প্রতিক নির্বাচনের গতিকটিকে সংজ্ঞায়িত করতে তিনি বলেছেন ‘A “red wave”, had swept the country!’ কথিত লাল স্রোতেরই এক উজ্জ্বল প্রতিনিধি, আলমা তুভা।
আলমার পরিচয়?
ইনস্টাগ্রামে সবিশেষ সক্রিয়, একজন জনপ্রিয় মিমার, এবং বামপন্থী মিমার! তাঁর পেজটির নাম pikakahvimemegirl। প্রায় সাড়ে চল্লিশ হাজার ফলোয়ার বিশিষ্ট পেজটিতে গেলে দেখা যাবে মূলত ফিনিস ভাষায় মিমের মাধ্যমে আলমা বলেন সমাজবাদের কথা, সাম্যের কথা, দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত সম্মুখীন হওয়া বৈষম্যগুলোর কথা, তার পিছনে থাকা বেপরোয়া পুঁজিবাদ আর দক্ষিণপন্থার কার্যকারণের কথা। মিমের মাধ্যমেই আলমা তুলে ধরেন ট্রান্সজেন্ডার অধিকার, লিঙ্গ সাম্যের কথাও। সবার জন্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, বিনামূল্য গণপরিবহন, নারী ও ট্রান্সজেন্ডার অধিকারের পক্ষে এবং ক্রমবর্ধমান ধনবৈষম্যের বিরুদ্ধে প্রচার চালিয়ে হেলসিঙ্কি শহরের কাউন্সিল সিট জিতেছেন আলমা।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের রাজনীতিতে আসা বা নির্বাচিত হওয়ার ধারাটিকে সাম্প্রতিকতম বলা গেলেও নতুন বলা যায় না। তবে এতদিন পর্যন্ত দেখা যেতো সোশাল মিডিয়া থেকে রাজনীতিতে আসা তারকারা মূলত হাঁটতেন ডান দিক চেপেই। আলমা এক্ষেত্রে ব্যতিক্রম। নির্বাচনে সফল হয়েছেন, ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর চেয়েও আলমা বেশী ভোট পেয়েছেন। ‘জ্যাকোবিন’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিনিস রাজনীতিতে মিম সংস্কৃতির উত্থান ও মিম সংস্কৃতিতে প্রবল বাম প্রভাব প্রসঙ্গে আলোচনা করেছেন। মূলত করোনাকালীন লক ডাউন পর্ব থেকে রাজনৈতিক হতে থাকা ফিনিস মিম সংস্কৃতির পরিসরে বর্তমানে বাম প্রভাবকে আলমা একান্ত নিজের বলে দাবী করেন না। সম্মিলিত উদ্যোগের কৃতিত্বকেই গুরুত্বপূর্ণ মনে করেন। তিনি ও তার মতো বামধারার মিমাদের পারস্পরিক সহায়তা আর সম্মিলনের মাধ্যমেই ফিনিসীয় মিম সংস্কৃতিতে বাম ধারা প্রবল পক্ষ হয়ে উঠেছে, একথায় আলমা অকপট।
তার মিম অ্যাকাউন্টির উদ্দেশ্য কী? তিনি বলছেন: ‘প্রাত্যহিক জীবন এবং সম্পর্কগুলিতে অসাম্যের বিবিধ অভিজ্ঞতাই আমার মিমের বিষয়। একই সঙ্গে আমি পুঁজিবাদ বিরোধী প্রচুর বক্তব্য এবং ফিনল্যান্ডের রাজনৈতিক ঘটনাক্রমের ওপর মন্তব্যও রেখে থাকি। মূল উদ্দেশ্য হলো মানুষকে তার নিজের শ্রেণী অবস্থান বিষয়ে আর অসাম্য সৃষ্টিতে পুঁজিবাদের ভূমিকা সম্পর্কে সচেতন করা। সঙ্গেই, আমার অ্যাকাউন্টটি বামবৃত্তের পারস্পরিক আলোচনার একটি প্ল্যাটফর্ম এবং ফিনিসীয় পুঁজিবাদ বিরোধী’ চিত্রপটেও তার অবস্থান রয়েছে’।
মিম যুদ্ধে তার সাফল্যের চাবিকাঠিটি কী? আলমার উত্তর: ‘আমার বেশীরভাগ পোস্টই এমনকি তাদের জন্য সহজবোধ্য যারা কোনোদিন কোনো বামপন্থী সাহিত্যই পড়েননি। তবে, দর্শককে অবমূল্যায়ন না করাটাও বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। বিষয়বস্তুর সহজবোধ্যতা এবং তীক্ষ্ণতা দুইই জরুরী।’
মাও সে তুং’ও যে খানিকটা এমন কথাই তো বলেছিলেন! ‘জনগণ যে ভাষায় বোঝে, তাকে সেই ভাষায় বোঝাও’।
বামবৃত্তে প্রচলিত ভারী অ্যাকাডেমিক আলোচনার নীরসতা, একরৈখিকতার বিষয়টি স্বীকার করেই আলমা বলছেন প্রাথমিক ভাবে তিনিও মাঝেমাঝে হীনম্মণ্যতায় ভুগেছেন, এমনকি উপহাসের পাত্রীও হয়েছেন কারণ তার তথাকথিত অ্যাকাডেমিক ডিগ্রি ছিল না। তাই তিনি বোঝেন কেন পাঠচক্র বা অ্যাকাডেমিক আলোচনার বদলে ফিনিসীয় ‘বামপন্থী মিম’ -এর পরিবেশটিই নন অ্যাকাডেমিক স্তরের গ্রহণযোগ্য পরিসর হয়ে উঠেছে।
পঞ্চাশ লক্ষ জনসংখ্যার দেশে সাড়ে চল্লিশ হাজার ফলোয়ার যে কম নয় বরং খানিকটা বেশীই, সে কথা তিনি বিলক্ষণ বোঝেন। ফলোয়ারদের সঙ্গে নিয়মিত সংযোগ রক্ষা করা, কন্টেন্ট বা বিষয়ের প্রস্তুতি, নির্মাণ, প্রচারে ফলোয়ারদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই সাফল্য এসেছে বলে মনে করেন।
রাজনীতি এবং শিল্পের অংশগ্রহণের বিষয়ে মধ্যবিত্ত সুলভ পাহারাদারের সংস্কৃতি ও স্তরবিন্যস্ত কাঠামোকে ভেঙে ফেলাই মূখ্য রাজনৈতিক উদ্দেশ্য মনে করেন তিনি। এ প্রক্রিয়ায় মিম লেফটের পাশে মূল ধারার বাম রাজনীতির আরও বেশী করে এগিয়ে আসা উচিত বলে মনে করেন আলমা।
সবটা মিলিয়ে, কেবমাত্র নির্বাচনে সাফল্যের নতুন উদাহরণই নয়, নবনির্বাচিত বাম কাউন্সিল সদস্য আলমা তুভা সম্ভবত সন্ধান দিচ্ছেন বৃহত্তর অর্থেই একুশ শতকের নিরিখে জনসংযোগ আর বক্তব্য প্রচারের নতুন পথ ও ভাষ্যেরও।
বাংলা ভাষান্তরঃরাজদীপ বিশ্বাস রুদ্র
ওয়েবডেস্কের পক্ষে ভূমিকাঃ সৌভিক ঘোষ
সুত্রঃ jacobin.com
প্রকাশ: ০১-আগস্ট-২০২৫
শেষ এডিট:: 01-Aug-25 17:52 | by 1
Permalink: https://cpimwestbengal.org/left-can-meme-a-report
Categories: Current Affairs
Tags: bengalneedsleft, left front wb, leftfrontwb
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (157)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (142)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (79)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





.jpg)