বিকাশ কে হারাতে তৃণ-বিজেপি জোট প্রকাশ্যে

Author
ওয়েবডেস্ক

TMC-BJP Desperate Bid for RajyaSabha

প্রকাশ: ১৫-মার্চ-২০২০

বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ প্রার্থী বিকাশ ভট্টাচার্যকে নিয়ে এতটাই আতঙ্ক যে, তৃণমূল আর বিজেপি শেষ পর্যন্ত তাদের করমর্দন করা হাত দুটো পর্দার আড়াল থেকে প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছে। রাজ্যসভার পঞ্চম আসনে দীনেশ বাজাজকে প্রার্থী করার মাধ্যমে ঘাসফুল আর পদ্মফুলের বোঝাপড়া এখন খোলা চোখেই দেখা যাচ্ছে। এমনকী এই বিকাশ ভট্টাচার্যকে হারাতে তাঁদের বিধায়করা এখন খোলাখুলি একসঙ্গে ভোট দিতেও তৈরি।

সংসদের দুই কক্ষ, লোকসভা এবং রাজ্যসভায় এই মুহূর্তে বাংলা থেকে একজনও বামপন্থী সাংসদ নেই। বাংলার মানুষের কণ্ঠস্বর চেপে রাখার এমন সুযোগের অবসান ঘটাতে তীব্রভাবে নারাজ তৃণমূল এবং বিজেপি। বাংলা থেকে বিকাশ ভট্টাচার্য বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ প্রার্থী হিসাবে রাজ্যসভায় জয়ী হবেন, এটুকু পরিসর আটকাতেও তাই মরিয়া হয়ে উঠেছে দুই দল। এর জন্য যে কোনও কৌশলে এবং সব নীতি এবং বিধি ভেঙে যেভাবে সম্ভব দীনেশ বাজাজকে জেতাতে মাঠে নেমেছে তৃণমূল-বিজেপি। 

বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে বিকাশ ভট্টাচার্যকে প্রার্থী করা মাত্রই তৃণমূল-বিজেপি শিবির বিপদ গোনে। রাজ্যসভার চার আসনে নিজেদের চার প্রার্থীকে জেতানোর পরে তৃণমূলের হাতে অতিরিক্ত ভোট থাকছে মাত্র ২১ জন বিধায়কের। আর বিজেপি’র বিধায়ক সংখ্যা মাত্র ৬। সরকারিভাবে এটাই হিসাব। কিন্তু বামফ্রন্ট ও কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল আরও ১৭ জন বিধায়ককে নিজেদের শিবিরে নিয়েছে এবং অধ্যক্ষ তাঁদের দলত্যাগের কারণে সদস্যপদ খারিজ করেননি। আবার তৃণমূল থেকে দল বদল করে ১০ জন বিজেপি-তে চলে গিয়েছেন, তাঁরাও বিধানসভার সদস্য হয়ে রয়েছেন। যা-ই হোক, সব মিলিয়ে তৃণমূলের নিয়ন্ত্রণে আছে অতিরিক্ত ১১টি ভোট আর বিজেপি’র ১৬টি। রাজ্যসভায় জয়ী হতে যেখানে ৪৯টি ভোটের প্রয়োজন, সেখানে এই অঙ্কে কোনওভাবেই তাদের কোনও প্রার্থীকে জেতানো সম্ভব নয়। অন্যদিকে সরকারিভাবে বামফ্রন্ট এবং কংগ্রেসের মিলিত বিধায়ক সংখ্যা ৬৮। দল ভেঙে চলে যাওয়াদের কথা বাদ দিলেও তাদের ৫১ ভোটে বিকাশ ভট্টাচার্যের জয় নিশ্চিত। 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখে বলেন যে, তিনি কংগ্রেস ও বামফ্রন্টের একজোট হওয়াকে পরোয়া করেন না। বিজেপি’র বিরুদ্ধে তিনি না কি একাই লড়াই করবেন। কিন্তু বিকাশ ভট্টাচার্যকে ঠেকাতে তাঁর নির্দেশে তৃণমূল মরিয়া হয়ে প্রথমে চেষ্টা করেছিল কংগ্রেসকেই সরিয়ে আনতে। বিকাশ ভট্টাচার্যের বদলে কংগ্রেস যদি তৃণমূলের কাছে গ্রহণযোগ্য অন্য কাউকে প্রার্থী করে, তাহলে তৃণমূল তাঁকে সমর্থন করবে বলেও বার্তা পাঠানো হয় কংগ্রেস নেতৃত্বের কাছে। কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি।

এবার বাধ্য হয়ে ঘাসফুল আর পদ্মফুলের মিলিত চেহারা প্রকাশ্যে বের করে এনেছেন মমতা ব্যানার্জি ও দিলীপ ঘোষ। নির্দল নাম দিয়ে তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজকে প্রার্থী করেছে দুই ফুল। কেন নির্দল নাম দিতে হয়েছে? কারণ বিজেপি’র সঙ্গে মিলিতভাবে পরিকল্পনা করা হয়েছে যে, ‘নির্দল’ তকমা থাকলে বিজেপি’র বিধায়করাও দীনেশ বাজাজকে ভোট দেবেন তৃণমূলের বিধায়কদের সঙ্গে হাত মিলিয়ে। দশজন তৃণমূল বিধায়কের স্বাক্ষর সংবলিত মনোনয়নপত্র যিনি জমা দিয়েছেন, তৃণমূলের সেই প্রাক্তন বিধায়ক ও তৃণমূল সরকারের আমলেই একদা রাজ্য সরকারি পরিবহণ সংস্থার কর্তৃপক্ষের চেয়ারে আসীন দীনেশ বাজাজকে দিলীপ ঘোষ এবং সায়ন্তন বসুর মতো বিজেপি নেতারাও বিস্ময়করভাবে নির্দল বলে মেনে নিয়েছেন। তাঁরা জানিয়ে দিয়েছেন, ‘‘বাম, কংগ্রেস এবং তৃণমূলকে ভোট দেব না, নির্দলকে দিতে পারি।’’

অর্থাৎ তৃণমূল বিধায়করা, বিজেপি বিধায়করা, তৃণমূল থেকে বিজেপি’তে যাওয়া বিধায়করা, বামফ্রন্ট ও কংগ্রেস ভাঙিয়ে কিনে আনা বিধায়করা সবাই মিলে বিকাশ ভট্টাচার্যকে হারাতে একসঙ্গে গলা জড়াজড়ি করে ভোট দিতে রাজি। পুরানো বামবিরোধী মহাজোটের কথা মনে করিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি ও দিলীপ ঘোষরা। 

কিন্তু এত কিছুর পরেও তৃণমূল-বিজেপি শিবিরের প্রয়োজনীয় ভোটে কমতি পড়বে এবং বিকাশ ভট্টাচার্যের প্রয়োজনীয় ভোট থাকায় তিনিই জিতবেন, এটাই স্বাভাবিক। সেই স্বাভাবিক ঘটনা ঠেকাতে তাই আরও কিছু পদক্ষেপ নিতে চলেছেন তৃণমূল-বিজেপি নেতারা। দীনেশ বাজাজের কথায়, ‘‘ওটা আমাদের স্ট্র্যাটেজি, এখনই বলব না।’’ তাঁর বলার অপেক্ষায় কেউ নেই। সবাই বুঝতে পারছেন যে, কংগ্রেস ও বামফ্রন্ট শিবির থেকে আবারও কিছু বিধায়ক কিনতে ঝাঁপাচ্ছে তৃণমূল–বিজেপি। 

মুখ্যমন্ত্রীর এনআরসি-এনপিআর-সিএএ’র বিরোধিতা অল্প কয়েক দিনেই ভ্যানিস। মোদী-শাহের বাংলা দখলও আপাতত স্থগিত। ‘ক্যা ক্যা ছি ছি’ এখন রূপান্তরিত ‘কাছাকাছি’তে। উপায় কী! সংসদে বিকাশ ভট্টাচার্যের কণ্ঠস্বরের সম্ভাবনায় যে ‘লাল সঙ্কেত’ দেখতে পেয়েছে তৃণমূল-বিজেপি। 

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 15-Mar-20 12:15 | by 4
Permalink: https://cpimwestbengal.org/tmc-bjp-desperate-bid-for-rajyasabha
Categories: Current Affairs
Tags: election, rajya sabha, tmc bjp
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড