মূল্যবৃদ্ধির বোঝায় বিপর্যস্ত জনজীবন: নীতির কেন্দ্রে মানুষ কোথায়?

সৌম্যদীপ্ত রায়চৌধুরী
একটি কল্যাণকামী রাষ্ট্রের অর্থনৈতিক সাফল্য বিচার কীসের নিরিখে করা উচিত? শেয়ারবাজারের উত্থান, জিডিপির পরিসংখ্যান কিংবা কর্পোরেট সংস্থাগুলির মুনাফা দিয়ে? নাকি একজন সাধারণ মানুষ তাঁর উপার্জনে কতটা স্বচ্ছন্দে সংসার চালাতে পারছেন, একজন শ্রমিক তাঁর পরিবারের মুখে দু'বেলা খাবার তুলে দিতে পারছেন কি না, একজন কৃষক তাঁর উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন কি না এবং একজন মধ্যবিত্ত মানুষ মাসের শেষ সপ্তাহে আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন কি না?
বিগত কয়েক বছরে ভারতের অর্থনৈতিক বাস্তবতা এ দেশের সাধারণ মানুষকে এক কঠিন সত্যের সম্মুখীন করেছে— ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি’র তরফে উন্নয়নের যে স্বপ্ন দেখানো হয়েছিল, তার সুফল আসলে কারা পাচ্ছেন? একদিকে কর্পোরেট মুনাফার বিস্তার, অন্যদিকে শ্রমজীবী মানুষের ক্রমবর্ধমান আর্থিক অনিশ্চয়তা ভারতবর্ষের অর্থনৈতিক ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করে চলেছে প্রতিনিয়ত। একদিকে 'অমৃতকাল'-এর বাগাড়ম্বর, অন্যদিকে বাজারে চাল, ডাল, ভোজ্যতেল, রান্নার গ্যাস এবং ওষুধের দাম মেটাতে সাধারণ মানুষের নাভিশ্বাস দশা। একদিকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির আকাশকুসুম রাজপ্রাসাদ, আরেকদিকে তারই নিচে ক্ষয়ীভূত অর্থনৈতিক পরিকাঠামো।
এই বৈপরীত্যের কেন্দ্রে রয়েছে অর্থনৈতিক নীতির অভিমুখ এবং রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন।
মূল্যবৃদ্ধি: পরিসংখ্যানের বাইরে মানুষের যন্ত্রণা
মূল্যবৃদ্ধি নিছকই একটি অর্থনৈতিক পরিভাষা এমনটি কিন্তু নয়। মূল্যবৃদ্ধি একটি নিয়ত বাস্তব পরিস্থিতি- যার শিকার হন নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং খেটে খাওয়া, দিন আনা দিন খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষ। মূল্যবৃদ্ধি শব্দটিকে কেবলমাত্র অর্থনৈতিক পরিভাষ্য হিসেবে গণ্য করলে প্রকৃতপ্রস্তাবে শোষণের বাস্তবতাকে অস্বীকার করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের সর্বভারতীয় গড় খুচরো দামে বৃদ্ধি ঘটেছে। চালের দাম কেজিপ্রতি ৪০.৭২ টাকা থেকে বেড়ে ৪২.৭৭ টাকা, আটার দাম ৩৭.৬৬ টাকা থেকে বেড়ে ৪০.১৫ টাকা এবং সর্ষের তেলের দাম ১৫৬.৩২ টাকা থেকে বেড়ে ১৭৯.৪২ টাকা হয়েছে। সয়াবিন তেলের দামও ১৩৭.৫৮ টাকা থেকে বেড়ে ১৪৮.৩১ টাকা হয়েছে।
এই পরিসংখ্যানের পিছনে রয়েছে কোটি কোটি পরিবারের দৈনন্দিন লড়াই। একজন শিল্পপতি এবং একজন দিনমজুরের কাছে একই পরিমাণ মূল্যবৃদ্ধির অর্থ এক নয়। যাঁর আয়ের সিংহভাগ খাদ্য, বাসস্থান ও চিকিৎসার পিছনে ব্যয় হয়, তাঁর কাছে প্রতিবার মূল্যবৃদ্ধি কার্যত জীবনযাত্রার সংকোচনের সামিল।
জনবিরোধী নীতি এবং অর্থনৈতিক বৈষম্য
মোদী সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রাধিকার।
ব্যাপক কর্পোরেট করছাড়, বেসরকারিকরণ, শ্রমক্ষেত্রে নিয়ন্ত্রণের পরিবর্তন, সামাজিক খাতে পর্যাপ্ত বিনিয়োগের অভাব এবং বাজারের উপর অতিরিক্ত নির্ভরতা—এই বিষয়গুলি নিয়ে দীর্ঘদিন ধরেই বামপন্থী অর্থনীতিবিদ ও শ্রমিক সংগঠনগুলি প্রশ্ন তুলেছেন।
পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি শুধু ব্যক্তিগত পরিবহণের খরচ বাড়ায় না; পণ্য পরিবহণের খরচের মধ্য দিয়েও তা বাজারে প্রভাব ফেলে। কৃষি উৎপাদনের ক্ষেত্রে সার, বীজ, বিদ্যুৎ ও পরিবহণের খরচ বাড়লে তার অভিঘাত শেষ পর্যন্ত ক্রেতার উপর এসে পড়ে।
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, সরবরাহ ব্যবস্থার সমস্যা এবং জলবায়ুজনিত উৎপাদনহানির মতো কারণ মূল্যবৃদ্ধিকে প্রভাবিত করলেও সরকারের নীতিগত দায়িত্ব অস্বীকার করা যায় না। প্রশ্ন হলো, সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্র কী পদক্ষেপ করছে?
নির্বাচনের আগে প্রতিশ্রুতির বন্যা, নির্বাচনের পরে হিসাব কোথায়?
ভারতীয় নির্বাচনী রাজনীতির একটি পরিচিত প্রবণতা হলো নির্বাচনের আগে বিপুল প্রতিশ্রুতি এবং নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা।
২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির 'সোনার বাংলা সংকল্পপত্র'-এ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ, KG থেকে PG পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং কৃষকদের আর্থিক সহায়তা।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী প্রচারেও প্রতিশ্রুতির পরিসর আরও বিস্তৃত হয়। মহিলাদের মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তা, সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ এবং পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান ও স্বনিয়োজনের সুযোগ তৈরির মতো প্রতিশ্রুতি দেওয়া হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল রান্নার গ্যাসের সিলিন্ডার ৪০০ টাকায় দেওয়া এবং ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি। মূল্যবৃদ্ধিতে জর্জরিত সাধারণ পরিবারের কাছে এই প্রতিশ্রুতিগুলি স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি করেছিল।
কিন্তু এখানেই কয়েকটি মৌলিক প্রশ্ন উঠে আসে। রান্নার গ্যাসের দাম সাধারণ মানুষের সংসার চালানোর ক্ষেত্রে একটি বড় আর্থিক বোঝা। সেই গ্যাস ৪০০ টাকায় দেওয়ার প্রতিশ্রুতি নিঃসন্দেহে জনসাধারণের প্রত্যাশা তৈরি করেছিল। একইভাবে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
কিন্তু এই প্রতিশ্রুতিগুলির বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা কী? কতগুলি পরিবার এর সুবিধা পাবে? সরকারি অর্থের সংস্থান কীভাবে হবে? নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে সরকারকে কি নিয়মিত জবাবদিহি করতে হবে না?
নির্বাচনের আগে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া সহজ। কিন্তু স্থায়ী কর্মসংস্থানের কাঠামো তৈরি করা, বন্ধ শিল্প পুনরুজ্জীবিত করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শক্তিশালী করা এবং শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা অনেক কঠিন।
একইভাবে, আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দেওয়া যায়; কিন্তু সেই অনুদানের পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সরকারি শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার উন্নতি এবং স্থায়ী আয়ের সুযোগ তৈরি না হলে সাধারণ মানুষের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয় না।
সাধারণ মানুষের দুর্ভোগ: অর্থনীতির আসল মাপকাঠি
মূল্যবৃদ্ধির সবচেয়ে নির্মম অভিঘাত পড়ে শ্রমজীবী, কৃষক, অসংগঠিত ক্ষেত্রের কর্মী, নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের উপর।
একজন গৃহপরিচারিকা, একজন রিকশাচালক, একজন নির্মাণশ্রমিক কিংবা একজন ক্ষুদ্র দোকানদারের আয় বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে বাড়ে না। অথচ তাঁদের খাদ্য, পরিবহণ, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার খরচ ক্রমাগত বেড়ে চলে।
মধ্যবিত্ত পরিবারের অবস্থাও ক্রমশ জটিল। বেতনের সামান্য বৃদ্ধি যদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে শেষ হয়ে যায়, তাহলে সঞ্চয়, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক নিরাপত্তা—সবই অনিশ্চিত হয়ে পড়ে।
একজন কৃষক উৎপাদনের উপকরণের ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে লড়াই করেন, অথচ তাঁর উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সবসময় নিশ্চিত হয় না। একজন শ্রমিক দিনের পর দিন পরিশ্রম করেও পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করতে হিমশিম খান। একজন ছাত্রের উচ্চশিক্ষার স্বপ্ন পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কাছে বাধাপ্রাপ্ত হয়।
এই পরিস্থিতিতে অর্থনৈতিক উন্নয়নের একমাত্র মাপকাঠি GDP হতে পারে না। উন্নয়নের প্রকৃত মাপকাঠি হতে হবে মানুষের ক্রয়ক্ষমতা, কর্মসংস্থান, মজুরি, খাদ্যনিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা।
বামপন্থীদের ভূমিকা: প্রতিবাদ থেকে সংগঠিত গণআন্দোলন
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বামপন্থী রাজনীতির ভূমিকা শুধু প্রতিবাদ মিছিল, বিবৃতি কিংবা রাজনৈতিক সভার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজন মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সঙ্গে যুক্ত একটি ধারাবাহিক গণআন্দোলন।
প্রথমত, প্রতিটি পাড়া, গ্রাম ও শ্রমজীবী অঞ্চলে মূল্যবৃদ্ধির বাস্তব চিত্র সংগ্রহ করতে হবে। বাজারদর, মজুরি, পরিবারের মাসিক ব্যয় এবং আয়ের তুলনামূলক হিসাব মানুষের সামনে তুলে ধরতে হবে। অর্থনৈতিক পরিসংখ্যানকে সাধারণ মানুষের জীবনযাপনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে হবে।
দ্বিতীয়ত, রেশনব্যবস্থা শক্তিশালী করা, গণবণ্টন ব্যবস্থার আওতা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর সরকারি নজরদারি এবং মজুতদারি ও কালোবাজারি নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে।
তৃতীয়ত, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, ছাত্র-যুব সংগঠন এবং মহিলাদের সংগঠনগুলির মধ্যে সমন্বয় তৈরি করতে হবে। কারণ মূল্যবৃদ্ধি কোনও একটি শ্রেণির সমস্যা নয়; এটি সমাজের বৃহত্তর অংশের জীবনযাত্রার সঙ্গে যুক্ত।
চতুর্থত, সরকারি শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষার দাবিকে আন্দোলনের কেন্দ্রে আনতে হবে।
পঞ্চমত, নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে ধারাবাহিক জনপর্যবেক্ষণ গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলি নির্বাচনের আগে কী প্রতিশ্রুতি দিয়েছিল এবং পরবর্তীকালে তার কতটা বাস্তবায়িত হয়েছে, সেই হিসাব মানুষের সামনে তুলে ধরতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই আন্দোলনকে হতে হবে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, তথ্যনির্ভর এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক। মানুষের অভিজ্ঞতা, দাবি এবং অধিকারকে আন্দোলনের ভিত্তি করতে হবে। বামপন্থী রাজনীতির শক্তি তার সাংগঠনিক কাঠামোতে যতটা, তার চেয়েও বেশি মানুষের সঙ্গে তার প্রত্যক্ষ সংযোগে।
পঞ্চমত, নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে ধারাবাহিক জনপর্যবেক্ষণ গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলি নির্বাচনের আগে কী প্রতিশ্রুতি দিয়েছিল এবং পরবর্তীকালে তার কতটা বাস্তবায়িত হয়েছে, সেই হিসাব মানুষের সামনে তুলে ধরতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই আন্দোলনকে হতে হবে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, তথ্যনির্ভর এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক। মানুষের অভিজ্ঞতা, দাবি এবং অধিকারকে আন্দোলনের ভিত্তি করতে হবে। বামপন্থী রাজনীতির শক্তি তার সাংগঠনিক কাঠামোতে যতটা, তার চেয়েও বেশি মানুষের সঙ্গে তার প্রত্যক্ষ সংযোগে।
উপসংহার: মানুষের পেটের প্রশ্নই রাজনীতির কেন্দ্রে থাকুক
রাজনীতি যদি মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলির সমাধান করতে না পারে, তাহলে তার উন্নয়নের স্লোগান শেষ পর্যন্ত অর্থহীন হয়ে পড়ে।
একটি দেশে বিপুল পরিমাণ সম্পদ সৃষ্টি হতে পারে, অথচ সেই সম্পদের সুফল যদি সমাজের বৃহত্তর অংশের কাছে না পৌঁছয়, তাহলে সেই উন্নয়ন অসম ও বৈষম্যমূলক থেকে যায়।
বামপন্থী রাজনৈতিক দর্শনের মৌলিক বক্তব্য এখানেই—অর্থনীতি মানুষের জন্য, মানুষ অর্থনীতির জন্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণের কেন্দ্রে থাকতে হবে শ্রমজীবী মানুষের স্বার্থ, সামাজিক ন্যায়বিচার এবং সম্পদের ন্যায্য বণ্টন।
সুতরাং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াই কেবল কয়েকটি পণ্যের দাম কমানোর দাবি নয়। এটি মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা, ন্যায্য মজুরি, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার বৃহত্তর প্রশ্ন।
নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে গুরুত্বপূর্ণ তার বাস্তবায়ন। রাজনৈতিক প্রচারের চেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জীবনযাত্রার বাস্তব উন্নতি। আর উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজও একই—
যে দেশে মানুষ নিজের পরিশ্রমের উপার্জনে দু'বেলা সম্মানজনকভাবে বাঁচতে পারে না, সেই দেশের উন্নয়নের সাফল্য কার জন্য?
প্রকাশ: ২৪-নভেম্বর-২০২৬
শেষ এডিট:: 24-Nov-26 10:56 | by 3
Permalink: https://cpimwestbengal.org/peoples-lives-are-struggling-under-the-burden-of-rising-prices-where-is-the-focus-on-people-in-the-policy
Categories: Fact & Figures
Tags:
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (5)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (200)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (184)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (93)
- Highlight - হাইলাইট (103)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (156)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (19)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
সাম্প্রতিক পোস্ট / Latest Posts
হয় সমাধান, নয় সংঘর্ষ
- গার্গী চ্যাটার্জী
অন্তরের রাম, মনের মানুষ ও ক্ষমতার রাজনীতি
- শমীক লাহিড়ী
হেঁশেলে আগুন, পকেটে টান
- শমীক লাহিড়ী
নভেম্বর বিপ্লবের আলোয় সংস্কৃতির পথ চলা
- চন্দন মুখোপাধ্যায়
ঘরে ঘরে বইওয়ালা
- সৌম্যজিৎ রজক
মানব সভ্যতার সামনে নতুন পথ - নভেম্বর বিপ্লব
- শ্রীদীপ ভট্টাচার্য





