২ মার্চ কলকাতায় মিছিলে পা মেলানোর আহ্বান

Author
ওয়েবডেস্ক

Kolkata Will Unite On 2 March Rally

প্রকাশ: ২৯-ফেব্রুয়ারি-২০২০

২ মার্চ কলকাতায় মিছিলে পা মেলানোর আহ্বান

প্রতিবাদের দুরন্ত পদযাত্রার মধ্য দিয়ে হিংসার বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মানুষ। অসংখ্য মুষ্টিবদ্ধ হাত প্রশ্ন তুলল, আর কত ধ্বংসলীলায় মাতবেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা।

গুলি, বারুদ, বোমা, ভারী বুটের আওয়াজ আর একের পর এক হত্যাকাণ্ডে কাঁপছে গোটা দিল্লি। আরএসএস পরিচালিত কেন্দ্রের বিজেপি সরকার নিশ্চুপ। এ রাজ্য সহ দেশের অন্য রাজ্যগুলিও স্বস্তিতে নেই। এর বিরুদ্ধেই শুক্রবার ঝান্ডা হাতে পথে নেমে হুঁশিয়ারি দিলেন হাওড়াবাসী। সেই মিছিলে শামিল হয়ে এ দিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অবিলম্বে এই নৃশংস ও বর্বরোচিত হিংসা বন্ধ করার দাবি জানিয়ে গণহত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানালেন। হিংসা সৃষ্টিকারী ও হত্যাকারীদের রুখতে অবিলম্বে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগামী ২ মার্চ কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মহাজাতি সদন পর্যন্ত মানবতার মহামিছিলে সবাইকে শামিল হওয়ারও আহ্বানও জানিয়েছেন বিমান বসু। তিনি বলেন, কোনও রাজনৈতিক দলের পতাকা-বিহীন সেই মিছিল হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধিক্কার মিছিল, শান্তির জন্য মিছিল।

এ দিন হাওড়া জেলা বামফ্রন্ট ও কংগ্রেসের ডাকে দিল্লির ঘটনাকে ধিক্কার জানিয়ে এই প্রতিবাদ মিছিলে শামিল হন বহু মানুষ। অসংখ্য পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মুহূর্মুহূ স্লোগানে বিজেপি তথা আরএসএস-কে ধিক্কার দিতে দিতে এই সোচ্চার পদযাত্রা শিবপুর কাজিপাড়া থেকে যায় হাওড়া ময়দান পর্যন্ত। গোটা পথে বিভিন্ন জায়গা থেকে আরও মানুষ দলে দলে যোগ দেন মিছিলে। বিমান বসু ছাড়াও এই মিছিলে ছিলেন সিপিআই(এম) হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার, সিপিআই(এম) নেতা দিলীপ ঘোষ, পরেশ পাল প্রমুখ নেতৃবৃন্দ। মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও। এ ছাড়াও ছিলেন সিপিআই নেতা চিরঞ্জিত চন্দ্র, আরএসপি নেতা সমর কুণ্ডু, ফরওয়ার্ড ব্লক নেতা তাপস খাঁড়া, আরসিপিআই নেতা বিশ্বনাথ সরকার, বলশেভিক পার্টির নেতা প্রবীর ঘোষ, সিপিআইএমএল নেতা নীলাশিস বসু, লোকতান্ত্রিক জনতা দলের নেতা অমিতাভ দত্ত প্রমুখ।

হাওড়া জেলা বামফ্রন্টের পক্ষ থেকে শুক্রবার বিকাল ৪টের সময়ে মিছিল শুরু হবে বলে জানানো হয়েছিল। তার অনেক আগে থেকেই গোটা রাস্তা ঢেকে যায় লাল ঝান্ডায়। ছিল কংগ্রেসের হাত চিহ্নের পতাকাও। ট্রাম ডিপো মোড় ও মল্লিক ফটকে এসে মিছিলের সঙ্গে যোগ দেন আরও বহু মানুষ। প্রবহমান মিছিলে বিভিন্ন প্ল্যাকার্ডে ও ফেস্টুনে লেখায় ও কার্টুনে ফুটে ওঠে সাম্প্রতিক পরিস্থিতির চিত্র। জ্যোতি বসু বলেছিলেন, ‘শাসক না চাইলে দাঙ্গা হতে পারে না’। একটি প্ল্যাকার্ডে শোভিত সেই উক্তিকে সামনে রেখেই মিছিল এগিয়েছে এ দিন। অন্য একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গুজরাট মডেল কোনও অর্থনৈতিক মডেল নয়, গুজরাট মডেল হলো দাঙ্গার মডেল’। কোনওটিতে মোদী ও ট্রাম্পের ছবি দিয়ে লেখা ছিল, ‘ইয়ে দোস্তি হম নেহি তোড়েঙ্গে’। কোনওটিতে লেখা ছিল, ‘আগলে সাল চুনাও হ্যায়’। ঠিক তার পাশেই লেখা—‘এবার একটা এয়ার স্ট্রাইক হয়ে যাক’। অথবা ট্রাম্প বলছেন— ‘একসঙ্গে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়ব’। তারপরেই ‘আধুনিক যুদ্ধাস্ত্র ভারতকে বিক্রি’র উদ্যোগ দেখা যাচ্ছে একটি ছবিতে। মল্লিক ফটকের একধারে টাঙানো লাল ব্যানারে জ্বলজ্বল করছিল একটি লাইন— ‘ধর্মের নামে রক্তহোলি নয়, আমরা চাই কাজ’।

মিছিল শেষে বিমান বসু বলেন, গত ৩-৪ দিন ধরে এক নৃশংস বর্বরোচিত হামলার ঘটনা ঘটছে বিশেষত উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায়। মৃতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে, কারও জানা নেই। বহু মানুষ হাসপাতালে ভর্তি, আহত আরও অসংখ্য। আর ওখানে পুলিশের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। পুলিশ কাদের হয়ে কাজ করছে, বোঝাই যাচ্ছে। পুলিশই খবর দিচ্ছে, মদত দিচ্ছে হিংসা সৃষ্টিকারীদের। অতীতের সাম্প্রদায়িক আক্রমণকে স্মরণ করিয়ে দিচ্ছে দিল্লির ঘটনা। ধর্ম ও ভাষার ভিত্তিতে ন্যক্কারজনক ঘটনা ঘটছে চারদিকেই। আরও ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, আগামী ২ তারিখ বেলা ৩টের সময়ে এক মহামিছিল শুরু হবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। যাবে মহাজাতি সদন পর্যন্ত। সেই মিছিল হবে মানুষের শান্তির জন্য মিছিল, মানবতার মিছিল, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র ধিক্কারের মিছিল। সেই মিছিলে থাকবে না কোনও রাজনৈতিক দলের দলীয় পতাকা বা ব্যানার। মিছিল শেষে হবে সমাবেশ।

এ দিন বক্তব্য রাখতে গিয়ে প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘‘এই মিছিল প্রমাণ করল, আমরা সবাই লড়াইয়ে আছি। দিল্লির ঘটনায় মারা গেলেন গরিব মানুষ, যারা রাস্তার ধারে দোকান বাজারে এসেছিলেন। কী দোষ ছিল তাদের? মৃত্যু হলো পুলিশেরও। সারা ভারত এই হিংসার নিন্দা করছে। এটা প্রমাণ করছে, স্বৈরাচারী শাসকের দিন শেষ হয়ে আসছে। আমাদের প্রতিবাদকে আরও জোরালো করে তুলতে হবে।’’ বিপ্লব মজুমদার মিছি‍‌লে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, বহু মানুষ এই ধিক্কার মিছিলে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। এভাবেই প্রতিবাদ-প্রতিরোধে আরও বেশি করে সোচ্চার হতে হবে সবাইকে। 

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 29-Feb-20 12:03 | by 2
Permalink: https://cpimwestbengal.org/kolkata-will-unite-on-2-march-rally
Categories: Current Affairs
Tags: amit shah, cpimwb, modi govt 2.0, npr nrc caa
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড