মধ্যপ্রদেশ বিধানসভা ২৬ মার্চ অবধি মুলতুবি - বিজেপি সুপ্রিম কোর্টে

Author
ওয়েবডেস্ক

Madhya Pradesh Political Emergency - BJP moves SC over Floor Test

প্রকাশ: ১৬-মার্চ-২০২০

মধ্যপ্রদেশে বিজেপির ঘোড়া কেনাবেচা রাজনীতির মাঝেই ছন্দপতন । ২২ কংগ্রেস বিধায়কের ইস্তফার পর, মধ্যপ্রদেশে আস্থা ভোটের দাবি তুলেছিল বিজেপি।  সোমবার আস্থাভোট করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। যদিও এই বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে ধোঁয়াশা ছিল যে আদৌ এই নির্দেশ দেওয়ার অধিকার রাজ্যপালের আছে কি না। কারণ বিধানসভার অধিবেশনের প্রক্রিয়ার নিয়ন্ত্রক হলেন স্পিকার।

মারাত্মক সংক্রামক রোগের ধাক্কায় সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনই হয়তো মুলতুবি ঘোষণা হয়ে যেতে পারে! এধরনের কোনও খবর সরকারিভাবে জানা না গেলেও রাজ্য রাজনীতির অন্দরমহলে এমন কানাঘুষো চলছিলই। এই সম্ভাবনা আরও প্রবল হয়ে ওঠে জয়পুর থেকে উড়িয়ে আনা কংগ্রেস বিধায়কদের জনে জনে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষায়। শুধু তাই নয়, বন্দি থাকা বিজেপি বিধায়করা হরিয়ানা থেকে ফিরলে তাঁদের প্রত্যেকের পরীক্ষা করা হবে বলে রবিবার জানিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তরুণ ভানোত। রাজ্যের আরেক মন্ত্রী পিসি শর্মাও বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা অধিবেশন বাতিলের কথা উল্লেখ করেন রবিবারে। 

সোমবার বাজেট অধিবেশন শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই, করোনাভাইরাস ইস্যুটি তুলে ধরেন রাজ্যের মন্ত্রী গোবিন্দ সিংহ। পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা জানাতে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার কথাও বলেন গোবিন্দ। তাঁর প্রস্তাবকে তৎক্ষনাৎ গ্রহণ করেন স্পিকার। আগামী ২৬ মার্চ পর্যন্ত অধিবেশন স্থগিত করে দেন স্পিকার নর্মদাপ্রসাদ প্রজাপতি। আর সেই কৌশলেই আপাতত স্বস্তি ফিরেছে কমল নাথ শিবিরে। 

 রাজ্যপাল লালজি ট্যান্ডন আস্থা ভোটের পরীক্ষার মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়ায়, মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার নিয়ে অনিশ্চয়তার আবহ দানা বাঁধছিল। এ দিন সকাল ১১টা নাগাদ বিধানসভা ভবনে এসে উপস্থিত হন রাজ্যপাল। তাঁকে দেখে স্লোগান দিতে থাকেন ক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা। তাঁরা বলতে থাকেন, ‘হাউসকে সম্মান করুন’ ও ‘সংবিধান মেনে কাজ করুন’। দেশ জুড়ে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। সেই আতঙ্ক মধ্যপ্রদেশেও কোন পর্যায়ে পৌঁছেছে তা বোঝাতে এ দিন মাস্ক পরে অধিবেশনে উপস্থিত হন কংগ্রেস বিধায়করা। বিজেপি বিধায়করা অবশ্য মাস্ক ছাড়াই অধিবেশনে ছিলেন। শাসক দলের বিধায়কদের প্রবল বিক্ষোভের মধ্যেই সংক্ষিপ্ত ভাষণে রাজ্যপাল বলেন, ‘‘আমি সকল নেতাকে বলতে চাই, তাঁরা সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি ও আইন মেনে চলুন।’’

রাজ্যপালের বক্তব্যের পরেও অবশ্য কংগ্রেস বিধায়কদের বিক্ষোভ থামেনি। এর পর বিধানসভার বাজেট অধিবেশন আগামী ২৬ মার্চ পর্যন্ত স্থগিত রাখার কথা ঘোষণা করেন স্পিকার নর্মদাপ্রসাদ প্রজাপতি। যদিও এ নিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়েছে বিজেপি। মঙ্গলবার গেরুয়া শিবিরের ওই আবেদন শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত।

২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় মোট বিধায়ক সংখ্যা ২২৮। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১১৫ জন বিধায়কের সমর্থন দরকার কোনও দলের। চার নির্দল বিধায়ক, দুই বহুজন সমাজ পার্টি-র বিধায়ক এবং এক জন সমাজবাদী পার্টির বিধায়কের সমর্থনে এত দিন সেখানে ১২১টি আসন ছিল কংগ্রেসের দখলে। ২২ জন বিদ্রোহী বিধায়ক ইস্তফা দেওয়ার পর তাদের আসনসংখ্যা এসে দাঁড়িয়েছে ৯৯-তে। নির্দল, বসপা এবং সপার তরফে সমর্থন তুলে নিলে সে ক্ষেত্রে তাদের পক্ষে থাকা বিধায়কের সংখ্যা দাঁড়াবে ৯১-তে। সে ক্ষেত্রে বিধানসভার ম্যাজিক সংখ্যা এসে ঠেকবে ১০৪-এ। বিজেপির কাছে যেহেতু ১০৭ জন বিধায়ক রয়েছে, তাই আস্থাভোট হলে তাদের জয়লাভে কোনও বাধা থাকবে না। যদিও কমল নাথ শিবির দাবি করে আসছে সরকার টেকাতে প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে অসুবিধা হবে না।

করোনা-সঙ্কটের মাঝে মধ্যপ্রদেশের সাংবিধানিক সঙ্কট নিয়ে এখন মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে নজর থাকবে গোটা দেশের।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 16-Mar-20 14:47 | by 4
Permalink: https://cpimwestbengal.org/madhya-pradesh-political-emergency-bjp-moves-sc-over-floor-test
Categories: Current Affairs
Tags: bjp, congress, madhyapradesh, supreme court
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড