রাজ্যে গ্রুপ ডি চাকরিতেও জালিয়াতি


প্রকাশ: ০৮-মার্চ-২০২০
ভুয়ো সরকারি ওয়েবসাইট এবং ইমেল আইডি ব্যবহার করে গ্রুপ ‘ডি’ নিয়োগের নামে বড়সড় প্রতারণার অভিযোগ সামনে এল। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তথা অন্যতম প্রতারিত তরুণ প্রধান নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে এই ঘটনা সামনে এসেছে। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পুলিসি তদন্ত এগচ্ছে না, এমন অভিযোগে হাইকোর্টে একটি রিট পিটিশনও দাখিল করেছেন তিনি। জানা যাচ্ছে, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে নিয়োগের নামেই ১৬ জনের থেকে ৬ লক্ষ টাকা করে তোলা হয়েছে। গোটা রাজ্যে প্রতারিতের সংখ্যা স্বাভাবিকভাবেই আরও বেশি। এর থেকেই পরিষ্কার, এর পিছনে রয়েছে বিরাট চক্র।
২০১৮ সালে বিভিন্ন দপ্তরে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয় ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। তাতে আবেদন করেন তরুণবাবু। লিখিত পরীক্ষায় সফলদের প্রথম তালিকায় তাঁর নাম ছিল না। কিন্তু পরে গ্রুপ ডি বোর্ডের সচিবের নাম করে ইমেল আইডি (.gov.in) থেকে তাঁর কাছে মেল আসে। সেখানে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (পার) দপ্তরের একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেখতে বলা হয়। সেখানে রোল নম্বর দিয়ে তিনি দেখেন, তাঁর নাম রয়েছে। ইন্টারভিউ কল লেটারও আসে বন দপ্তরের মেল আইডি থেকে। এরই মাঝে চাকরি করিয়ে দেওয়ার নাম করে তাঁর থেকে দফায় দফায় কয়েক লক্ষ টাকা নেয় রাহুল সেন পরিচয় দেওয়া এক ব্যক্তি। রাহুল তাঁকে ময়ূখ ভবনে নিয়ে গিয়ে ইন্টারভিউয়ের ব্যবস্থাও করিয়ে দেয়। তাঁর কাছে জয়েনিং লেটারও আসে। শালবনীর অভয়া বিট অফিসে তিনি কাজে যোগ দেন। এরপর বাকি টাকা দিয়ে দেন তিনি। দু’মাস চাকরি করে বেতনও পান। তবে সেটা নগদে।
এরপরই আধিকারিকরা তরুণবাবুকে জানান, তাঁর নিয়োগটি ভুয়ো। সেখানে তাঁর সঙ্গে আরও এক ব্যক্তি কাজে যোগ দিয়েছিলেন। তাঁরা দু’জনেই ভয়ে চলে আসেন। তরুণবাবু বলেন, প্রতারিত হয়েছি বুঝতে সময় লেগে যায়। তারপর পুলিস অভিযোগ নিতে না চাওয়ায় আদালতের মাধ্যমে ২০১৯’র ১৭ ডিসেম্বর শালবনী থানায় এফআইআর করি। কিন্তু পুলিস তদন্তে গড়িমসি জারি রাখায় একটি রিট পিটিশনও করেছি। পশ্চিম মেদিনীপুর জেলাতেই আরও ১৫ জন রয়েছেন। তাঁরা সামনে আসতে চাইছেন না। কারণ, ঘুষ দেওয়াও অপরাধ। কিন্তু আমি শেষ দেখতে চাই।
তরুণবাবু এবং অন্যান্যদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, পার-এর যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে, তার সঙ্গে বর্তমানে চালু ওয়েবসাইটটির সূক্ষ্ম ফারাক রয়েছে। কিন্তু তাঁদের প্রশ্ন, ডোমেন মেল আইডি কীভাবে ভুয়ো হতে পারে? অন্যান্য প্রার্থীদের কাছে সেচ এবং কৃষি দপ্তরের আইডি থেকেও এরকমই মেল এসেছে। আধিকারিকরা জানাচ্ছেন, এ ধরনের আইডি সরকারি দপ্তরের লিখিত আবেদনের ভিত্তিতে তৈরি করে কেন্দ্রীয় সংস্থা এনআইসি। শীর্ষস্তরে যোগসাজশ না থাকলে এটা তৈরি সম্ভব নয়।
শেষ এডিট:: 08-Mar-20 12:19 | by 4
Permalink: https://cpimwestbengal.org/group-d-govt-job-scam-in-bengal
Categories: Current Affairs
Tags: corruption, govt job, tmcgovtwb
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (171)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (155)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (82)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





