৮ মার্চ - আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস


প্রকাশ: ০৮-মার্চ-২০২০

ভোররাতে যখন কাকও ওঠে না তখনই বাড়ির টুকটাক কাজ সেরে বাস নিয়ে রাস্তায় নেমে পড়েন তিনি। ভোর সাড়ে ৩টের বাস ছাড়বে নিমতা স্ট্যান্ড থেকে, যাবে হাওড়া। অন্ধকার কেটে তখনও ভোরে আলো ফোটে না। কিছু কুকুর সারা রাতের ক্লান্তি নিয়ে পথে ঘোরাঘুরি করে। অন্ধকার রাস্তায় কন্ডাক্টরকে সঙ্গী করে বাস স্ট্যান্ডে পৌঁছায় বাস চালক। চালিকা বললেই হয়তো ভালো হতো। হ্যাঁ, কারণ এই গল্পের চালক হিরো নয় হিরোইন। কলকাতার প্রথম মহিলা বাস ড্রাইভার বলা হয় তাঁকে। তিনি প্রতিমা পোদ্দার, দুই কন্যা সন্তানের জননী। শান্ত, ঘুমন্ত শহরের রাস্তায় বাসের স্টিয়ারিং ধরে যখন বসেন প্রতিমা, তখন পরম নিশ্চিন্তে একে একে যাত্রীতে ভরে যায় তাঁর বাস। কে বলে মেয়েরা বাস চালাতে পারে না! মেয়েরা নাকি ভয় পায়! সত্যিই কি তাই, নাকি সবটাই নিছক সমাজের ধারণা?
সংসার সামলে প্রতিদিন ভোর সাড়ে ৩টেয় নিমতা স্ট্যান্ড থেকে বাস নিয়ে যাবেন হাওড়া। এক ট্রিপ চালিয়ে আবার সেখান থেকে এক ঘন্টা বা পৌনে এক ঘন্টার মধ্যে ফিরবেন নিমতায়। তারপর বাড়িতে গিয়ে রান্নাবান্না, ঘরের কাজ করে দুপুরে খেয়ে ফের বেরিয়ে পরেন রাস্তায়। পরপর তিন চারটে ট্রিপ খেটে রাতে আবার বাড়িতে। আবার পরের দিন ভোর ৩টে ৩০মিনিটে শুরু হয় যাত্রা।
প্রতিমার যাত্রীদের অধিকাংশই ফুল, ফল, সবজি বিক্রেতা। নির্দিষ্ট সময়ে বাজার পৌছাতে হবে তাঁদের। আর এই দায়িত্ব বাসের চালকের। রাস্তা তূলনামুলকভাবে ফাঁকা থাকলেও সতর্কতার সঙ্গে ও সময় মেনেই তাঁদের গন্তব্য পৌছে দেন তিনি। তবে এই কাজে তাঁকে যথেষ্ট সাহায্য করেন তাঁর স্বামী শিবাশিস পোদ্দার। গাড়ি চালানোর হাতেখড়িও তাঁর কাছ থেকে পেয়েছিলেন প্রতিমা দেবী।
মূলত সংসারের খরচ টানতেই এই পেশায় আসা, দাবি প্রতিমার। একা স্বামীর রোজগারে সংসার চালানো যথেষ্ট কঠিন হয়ে পড়ছিল। একদিকে দুই মেয়ের পড়াশোনার খরচ, আবার বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির চিকিৎসার খরচ, সব মিলিয়ে পেরে ওঠা যাচ্ছিল না। তখনই দম্পতি সিদ্ধান্ত নেন, একজন নয় রোজগেরে হবেন দুজনেই। যেমন ভাবনা, তেমনি কাজ। স্বামীর কাছেই গাড়ি চালানো শিখে নেন প্রতিমা। প্রথমে হাতে এলো লাইট মোটর ভেহিক্যালের লাইসেন্স, তারপর দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা। পাঁচ বছর অ্যাম্বুলেন্স, ট্যক্সি চালিয়ে হাতে পেলেন হেভি মোটর ভেহিক্যালের লাইসেন্স। এখন প্রায় ৭ বছর বাস চালাচ্ছেন তিনি। নিমতা-হাওড়া রুটেই বাস চালান প্রতিমা, আর সেই বাসেই কন্ডাক্টারি করেন শিবাশিস পোদ্দার। আবার কখনও শিবাশিস গাড়ি চালালে প্রতিমা কন্ডাক্টারি করেন।
শুরু থেকেই এতটা সহজ ছিল প্রতিমার পথ? সমাজ আজও ড্রাইভারের সিটে মহিলাদের দেখতে অভ্যস্ত নয়। তা সে অ্যাম্বুলেন্স, ট্যাক্সি বা বাস যাই হোক না কেন। প্রতিমা বললেন, আজও সমাজের বহু মানুষ মনেপ্রাণে বিশ্বাস করেন বাস চালানো পুরুষের কাজ, মহিলাদের নয়। আর বদ্ধমূল ধারণা, মহিলারা তো এমনিই ভয় পান! শিবাশিস জানালেন, এমনও বহু দিন হয়েছে প্রতিমাকে বাস চালাতে দেখে যাত্রীরা নেমে গেছেন অ্যাক্সিডেন্টের ভয়ে। আবার অনেকে বলেছেন, মহিলারা যদি বাস চালায় তো পুরুষরা কী করবে! সব ক্ষেত্রেই ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলেছেন দুই জনেই। প্রতিমা বললেন, এইসব কথা শুনে প্রথমে খুব বিরক্ত লাগতো, কষ্টও হতো কিন্তু ধীরে ধীরে নিজেকে বোঝালাম, আমি আমার কাজটা যদি করেই যাই, মানুষ একদিন আমায় ঠিকই মূল্য দেবে। আজ তাই হল, আমায় দেখে অনেক মেয়েরাই সাহস করছে। ইতিমধ্যে আরও দুইজন মেয়ে বাস চালাচ্ছে বলে জানতে পেরেছি।
শিবাশিস মনে করেন, ছেলেদের থেকে মেয়েদের দক্ষতা অনেক বেশি। মেয়েরা একনিষ্ঠ, নিজের কাজটা মন দিয়ে করে। অনেক নিয়ম মেনে গাড়ি চালায়। রেষারেষি করে না, খুব জোরে গাড়ি চালায় না, ট্রাফিক মেনে চলে, আর অবশ্যই ধূমপান করে না!
যেভাবে সমস্ত প্রতিকূলতাকে দুরে সরিয়ে বাস চালান প্রতিমা, তেমনি দক্ষতায় সামলেছেন সংসার। দুই মেয়েকে বড় করেছেন। বড় মেয়ে রাখী অঙ্কে অনার্স নিয়ে পড়ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ও ছোটো মেয়ে স্বাতী মাধ্যমিক দিয়েছে। মায়ের মতোই মেয়েরাও সমাজের উল্টোস্রোতেই হাঁটতে পছন্দ করে বলে দাবি করলেন শিবাশিস।
প্রতিমারা প্রমাণ করছেন, সমাজের কোনও স্তরেই মেয়েরা পুরুষদের থেকে পিছিয়ে নয়। বরং সুযোগ না দিয়ে বারবার তাঁদের পিছনে ফেলে রাখা হয়। পুরুষ যেমন সমাজের অঙ্গ, নারীও তেমনি তাকে দৃঢ় করে। পুরুষরাই সব এবং সব পারে, এমনটা ঘটনা নয় এবং সত্যও নয়। একজন মহিলা যদি বাড়িতে বসে মেশিন চালাতে পারেন, তাহলে তিনি বাস, প্লেন চালাতে পারেন, এমনকি মহাকাশেও যেতে পারেন এবং তাই করছেনও।

শেষ এডিট:: 08-Mar-20 12:31 | by 2
Permalink: https://cpimwestbengal.org/8-march-international-working-womens-day
Categories: Current Affairs
Tags: 8march, cpimwb
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (149)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (132)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
.jpg)




