ইরানের উপর ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে - পলিট ব্যুরোর বিবৃতি

Unknown
Israel has carried out a series of strikes against Iran, resulting in the deaths of senior nuclear scientists, army generals, and numerous civilians. Statements from Israeli officials suggest that this assault was planned months in advance. The objective

১৩.০৬.২০২৫

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

ইরানের উপর ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ইসরায়েলের ইরানের উপর সামরিক আগ্রাসনের কঠোর নিন্দা করে এবং অবিলম্বে এই সামরিক অভিযান বন্ধ করার দাবি জানায়। এই ঘটনা আবারও প্রমাণ করল যে ইসরায়েল একটি দুষ্ট রাষ্ট্রের মতো আচরণ করছে, ইচ্ছেমতো পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের উপর হামলা চালাচ্ছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তিকে লঙ্ঘন করছে।

ইসরায়েল একাধিক হামলা চালিয়ে ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী, সেনা জেনারেল এবং বহু সাধারণ নাগরিককে হত্যা করেছে।ইসরায়েলি কর্মকর্তাদের বিবৃতি অনুযায়ী, এই হামলার পরিকল্পনা বহু মাস আগে থেকে করা হয়েছিল। এই হামলার লক্ষ্য হল গোটা পশ্চিম এশিয়া জুড়ে ইসরায়েলের আধিপত্য প্রতিষ্ঠা। যুক্তরাষ্ট্রের সরকারি বক্তব্য যাই হোক না কেন, এটা পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ছাড়া এমন একটি অভিযান সম্ভব হতো না। এই সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে এমন আগ্রাসী সামরিক অভিযান চালানোর আত্মবিশ্বাস বা সামর্থ্য কোনোটাই সম্ভব ছিল না।

এটা সর্বজনবিদিত যে ইসরায়েলের নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা অন্য কোনো দেশের, এমনকি শান্তিপূর্ণ উদ্দেশ্যেও, পারমাণবিক প্রযুক্তি বিকাশে বাধা দেয়। এই হামলা এমন এক সময়ে ঘটল যখন ইরানের সঙ্গে পারমাণবিক বিষয়ে আলোচনা চলছিল—ফলে এই হামলা গোটা অঞ্চলে আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে এবং পশ্চিম এশিয়াকে আরও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। গত ২০ মাস ধরে ইসরায়েল প্যালেস্তাইনের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এবার ইরানের উপর হামলার মধ্য দিয়ে স্পষ্ট যে তারা এই অঞ্চলে তাদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর যে কোনো সম্ভাবনাকেই ধ্বংস করে দিতে চায়।

রাষ্ট্রসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে এই আগ্রাসন রুখতে হস্তক্ষেপ করা। ভারত সরকারের উচিত বিশ্বব্যাপী এই হামলার বিরুদ্ধে ধ্বনি তোলা এবং ইসরায়েলকে অবিলম্বে তার সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানানো।

এটা অত্যন্ত নিন্দনীয় যে ভারত সরকার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্যালেস্তাইনের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। এই ধরনের পদক্ষেপ কেবলমাত্র ইসরায়েলের আগ্রাসনকে আরও উৎসাহিত করে। ভারতের সঙ্গে ইরান ও প্যালেস্তাইনের বহুদিনের সম্পর্ক রয়েছে, যা সম্মান করা ও শক্তিশালী করা প্রয়োজন। বিজেপি নেতৃত্বাধীন সরকারের উচিত ইসরায়েলের প্রতি তার মৌন সমর্থন বন্ধ করে, পশ্চিম এশিয়ায় শান্তি ও ন্যায়ের পক্ষে স্পষ্ট অবস্থান গ্রহণ করা।


প্রকাশের তারিখ: ১৩-জুন-২০২৫

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org