এঙ্গেলসের পরিবেশ ভাবনা

Samanway Raha
আমাদের দেশে আরাবল্লী পর্বত বৃহৎ পুঁজির আক্রমণের সম্মুখীন হয়। এমনকি দেশের সুপ্রিম কোর্ট অবধি প্রাথমিকভাবে রায় দেয়, ১০০ মিটার অবধি পর্বতের অংশকে ব্যবহারযোগ্য করা যাবে। অর্থাৎ ভেঙে মিশিয়ে দেওয়া যাবে। কর্পোরেটদের লোভ-লালসায় আরও আক্রান্ত হয় পর্বত।


আমরা যে সমাজে বেড়ে উঠি, আমাদের সবকিছু যে পরিবেশকে নিয়ে, সেই পরিবেশ সম্পর্কে কি আমরা কখনও গভীরে গিয়ে ভেবেছি? মনে হয় না।
অথচ গোটা পৃথিবীজুড়ে সাম্রাজ্যবাদী শক্তি পরিবেশের উপর ধ্বংসলীলা চালাচ্ছে। কখনও সেই ঘটনা বলসোনারোর সময়ে আমাজন জঙ্গল কাটার মধ্যে দিয়ে দেখতে পাই। কখনও ইলন মাস্কের নিজের টেক শিল্প গড়ে তোলার জন্য আমেরিকার কোনো সমুদ্রসৈকত কেবলমাত্র নিজের মুনাফার প্রয়োজনে ব্যবহার করার ক্ষেত্রে দেখতে পাই। কখনও আবার আমাদের দেশ ভারতবর্ষেও এই চিত্র ফুটে ওঠে। সে আরাবল্লী পর্বত ভেঙেচুরে আদানির নিজের মুনাফা তৈরির শিল্প গড়ার প্রয়াসে ফুটে ওঠে। কখনও আন্দামান-নিকোবরের প্রকৃতি ধ্বংসের মধ্যে ফুটে ওঠে। আবার কখনওবা মহারাষ্ট্রে বুলেট ট্রেন চালানোর জন্য বিপুল পরিমাণ গাছ ও অরণ্য ধ্বংসের মাধ্যমে ফুটে ওঠে। সুতরাং এটা পরিষ্কার, পুঁজিবাদকে যদি নিজের মুনাফার ব্যাপক বিকাশ করতে হয়, তাহলে তার সর্বোচ্চ আঘাত পরিবেশের উপরেও নামাতে হবে। পুঁজিবাদ এগোবে আর পরিবেশও খুব ভালো থাকবে, আদতে সেটা সম্ভব নয়।

এই রাজনৈতিক কথাটাই বহুকাল আগে বিশ্বের সামনে নিয়ে এসেছিলেন মার্কস-এঙ্গেলস। বিশেষ করে ফ্রেডরিক এঙ্গেলস। ২৮ নভেম্বর যাঁর জন্মদিবস। তাঁর জন্ম, বেড়ে ওঠা এবং কারখানার মালিকের ছেলে—এই নিয়ে বহু আলোচনা হয়েছে। আমরা তার মধ্যে যাব না। বরং আমরা খানিক আলোচনা করে দেখার চেষ্টা করব, মার্কসের অভিন্নহৃদয় বন্ধু, কমরেড এঙ্গেলস প্রকৃতির সঙ্গে মানবসমাজের, আরও সুনির্দিষ্ট করে বললে, পুঁজিবাদের সম্পর্ক কেমনভাবে দেখেছেন।
বর্তমান সময়ে ধান্দার ধনতন্ত্র আরও মুনাফা বৃদ্ধির (Profit Maximization) আশায় গোটা বিশ্বব্যাপী দৌড়াচ্ছে। শক্তিশালী হয়েছে অতি দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তি। তবে বাধাহীনভাবে এগোচ্ছে এমন নয়। উল্টোদিকে প্রগতিশীল, বামপন্থী, ওয়ার্কার্স, কমিউনিস্ট পার্টিগুলিও লড়াই করছে। সাফল্যও পাচ্ছে। এই সময়ে গোটা বিশ্বেই পরিবেশ সংকট, জলবায়ু পরিবর্তনসহ পরিবেশের উপর পুঁজিবাদী আঘাত আলোচনায় উঠে এসেছে। ফলত, আমাদের এই প্রসঙ্গে এঙ্গেলসের ধারণা যথেষ্ট গভীরে গিয়ে উপলব্ধি করা প্রয়োজন।

এঙ্গেলসের পরিবেশ ভাবনার মূল ভিত্তি ছিল, মানুষ পরিবেশের উপর নির্ভরশীল হয়েই তার সামাজিক এবং অর্থনৈতিক অস্তিত্ব গড়ে তোলে। তাই প্রকৃতিকে জয় করার নামে তার স্বাভাবিক বৈচিত্র্য এবং ভারসাম্য নষ্ট করা, শেষ পর্যন্ত গোটা মানবজাতির অস্তিত্বকেই সংকটের সম্মুখীন করে। আর এই দৃষ্টিভঙ্গির কারণেই তাঁর এই ভাবনাকে মার্কসবাদী দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে চিহ্নিত করা যায়।
তাঁর মতে, মানুষ পরিবেশের বাইরের কোনো জীব নয়। পরিবেশের সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। মানুষের জীবন, বেড়ে ওঠা, কাজকর্ম, সামাজিক বিকাশ—সবকিছুই পরিবেশের বস্তুগত উপাদানের উপর নির্ভরশীল। সমাজ বিকাশের ধারায় মানুষের বিবর্তন প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। যে কথা তিনি ১৮৭৬ সালে লেখা তাঁর বিখ্যাত প্রবন্ধ The Part Played by Labour in the Transition from Ape to Man-এ আলোচনা করেছেন। একই সঙ্গে Dialectics of Nature-এ বিস্তারিত আলোচনা করেছেন। তিনি সেখানে বলেছেন,
"Let us not, however, flatter ourselves overmuch on account of our human victories over nature. For each such victory nature takes its revenge on us."
অর্থাৎ প্রকৃতির সঙ্গে সংঘর্ষে মানুষের প্রতিটি বিজয় নিয়ে মানবসমাজের অতিরিক্ত আত্মতুষ্ট হওয়া উচিত নয়। কারণ প্রতিটি বিজয়ের ফলস্বরূপ প্রকৃতি তার প্রতিক্রিয়া ফিরিয়ে দেয়। এখানে “প্রতিক্রিয়া” অর্থে এঙ্গেলস কোনো আদি দৈবিক প্রতিক্রিয়ার কথা বলেননি। তিনি বলতে চেয়েছেন, তাৎক্ষণিক স্বার্থের কথা ভেবে প্রকৃতিকে পরিবর্তন করলে, প্রকৃতিও তার প্রতিক্রিয়া দেয়। যেমন, বেপরোয়াভাবে বন-জঙ্গল ধ্বংস করলে মাটির ক্ষয় হয়, পাহাড়ধস হয় (পাহাড় অঞ্চলে যা আমরা ইতিমধ্যেই দেখে থাকি), জলসম্পদের ক্ষতি হয়, আবার বন্যার প্রবণতাও বৃদ্ধি পায়।
অর্থাৎ সোজা কথায়, প্রকৃতির উপরে মানুষের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা শেষ পর্যন্ত প্রকৃতির নিয়মের কাছেই সীমাবদ্ধ। এই সিদ্ধান্তই এঙ্গেলসের পরিবেশ ভাবনার অন্যতম দার্শনিক ভিত্তি।

তাঁর দীর্ঘদিন ধরে চলা গবেষণা Dialectics of Nature-এ তিনি দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পরিবেশকে বিশ্লেষণ করেছেন। যে দৃষ্টিভঙ্গি বলে, প্রকৃতি কোনো অপরিবর্তনীয় স্থির ব্যবস্থা নয়। প্রতি মুহূর্তে প্রকৃতির প্রতিটি উপাদান পরিবর্তিত হচ্ছে। প্রতিটি প্রাকৃতিক উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। নির্ভরতা রয়েছে। অর্থাৎ মানুষসহ জল, মাটি, বাতাস, উদ্ভিদজগৎ, প্রাণী—প্রতিটির একে অপরের উপর নির্ভরতা রয়েছে। এর মধ্যে কোনো একটি উপাদানের পরিবর্তন হলে, তার প্রভাব বাকিদের উপরেও পড়ে।

ঠিক এই দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গিই প্রকৃতিকে কেবলমাত্র কিছু সম্পদের সমষ্টি হিসেবে দেখার বিরোধিতা করে। যেমন ধরুন, একটি বনভূমিকে কেবলমাত্র আমাদের কাঠের উৎস হিসেবে দেখলে ভুল হবে। বনভূমি মাটির উর্বরতা বৃদ্ধি করে। জলধারণ ক্ষমতা বাড়ায়। অসংখ্য প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে বনভূমি। সবচেয়ে বড় কথা, অক্সিজেনের উৎস হিসেবে কাজ করে। বাতাসে অক্সিজেন এবং কার্বন ডাই-অক্সাইডের ভারসাম্য বজায় রাখতে কাজ করে। আবার নদী কেবলই একটা জলধারা নয়, যে শুধু বয়ে চলেছে। বরং নদীর সঙ্গে কৃষিকাজ, মাছ চাষ, ভূগর্ভস্থ জল, সর্বোপরি গোটা পরিবেশের গভীর সম্পর্ক রয়েছে।
কিন্তু পুঁজিবাদ বনভূমিকে কেবল অপ্রয়োজনীয় অথবা কাঠ উৎপাদনের জায়গা হিসেবেই দেখে। অপ্রয়োজনীয় মনে করলে কাটা পড়ে বিশাল বিশাল বনভূমি। তৈরি হয় বড় বড় রিসর্ট। অথবা খনিজ সম্পদ তোলার নেশায় একের পর এক বনভূমি কাটা পড়ে। ঠিক যেমন বছরখানেক আগে আমাজন কাটা শুরু হয়েছিল। ভেবে দেখুন, আমাজন অরণ্য পৃথিবীর ফুসফুস। সেই আমাজন ট্রাম্পকে খুশি করতে, বৃহৎ মাল্টিন্যাশনাল কোম্পানির হাতে তুলে দিতে বলসোনারো ব্যাপক পরিমাণে গাছ কাটা শুরু করেছিলেন।

আবার আমাদের দেশে আরাবল্লী পর্বত বৃহৎ পুঁজির আক্রমণের সম্মুখীন হয়। এমনকি দেশের সুপ্রিম কোর্ট অবধি প্রাথমিকভাবে রায় দেয়, ১০০ মিটার অবধি পর্বতের অংশকে ব্যবহারযোগ্য করা যাবে। অর্থাৎ ভেঙে মিশিয়ে দেওয়া যাবে। কর্পোরেটদের লোভ-লালসায় আরও আক্রান্ত হয় পর্বত। অবশেষে সরকার প্রবল জনবিক্ষোভের সম্মুখীন হলে, আপাতত খানিক স্বস্তি পাওয়া গেছে।
ভেবে দেখুন, যে পর্বত উত্তর-পশ্চিম প্রান্ত থেকে আসা শীতল হাওয়ার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। যে আরাবল্লীর সবুজ অংশ সেখানকার গোটা পরিবেশকে এক সূত্রে গেঁথে রেখেছে। যাকে কেন্দ্র করে অসংখ্য পরিবার বেঁচে রয়েছে। তা এখন আক্রমণের নিশানা। ফলত, এটা পরিষ্কার, পুঁজি, বৃহৎ কর্পোরেট শক্তি—সে কিছুই মানে না। সে একমাত্র বোঝে যেন তেন প্রকারেণ তার মুনাফার বৃদ্ধি।

এঙ্গেলস তাঁর বিশ্লেষণে প্রকৃতির সঙ্গে শ্রমশক্তির সম্পর্কও তুলে ধরেছেন। এই প্রসঙ্গে তাঁর অসাধারণ আলোচনা রয়েছে The Part Played by Labour in the Transition from Ape to Man শীর্ষক প্রবন্ধে। সেখানে তিনি এক জায়গায় বলছেন,
"Labour is the source of all wealth, the economists assert. And it really is the source, next to nature, which supplies it with the material that it converts into wealth."
অর্থাৎ অর্থনীতিবিদরা সাধারণত শ্রমকেই কেবলমাত্র সম্পদের উৎস হিসেবে দেখে থাকেন। কিন্তু শ্রমের পাশাপাশি পরিবেশও সম্পদের উৎস। কারণ প্রকৃতিই সেই উপাদান সরবরাহ করে মানবজগৎকে, যাকে শ্রমশক্তি নিয়োগের মাধ্যমে সম্পদে রূপান্তরিত করা হয়।
এখানেই এঙ্গেলস অনন্য। তাঁর আলোচনায় এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি স্পষ্ট করেছেন, জমি, জল, বনজঙ্গল, খনিজ, বায়ু এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান ছাড়া মানুষের উৎপাদনব্যবস্থা গড়ে উঠতে পারে না। সুতরাং প্রকৃতির সম্পদ সীমাহীনভাবে ব্যবহার করা সম্ভব নয়। হ্যাঁ, এ কথা ঠিক, প্রকৃতির নিজের পুনরুৎপাদনের ক্ষমতা রয়েছে। তবে সেই ক্ষমতারও একটা সীমা আছে। কৃষিজমির উর্বরতা, বনভূমির পুনর্গঠন, নদীর জলপ্রবাহ কিংবা প্রাণী বা মানুষের জীবনচক্র—সবকিছুরই নির্দিষ্ট শর্ত আছে। পুঁজিবাদ যখন মুনাফার প্রয়োজনে শর্তগুলি অস্বীকার করে, তখনই প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়। সংকটের সম্মুখীন হয় পরিবেশ।

Dialectics of Nature-এ তিনি প্রাচীন সভ্যতার কথা তুলে ধরে আলোচনা করেছেন। এক্ষেত্রে তিনি মেসোপটেমিয়া, গ্রিস, এশিয়া মাইনরের উদাহরণ তুলে ধরেছেন। এই অঞ্চলগুলিতে জনপদ তৈরির স্বার্থে ব্যাপক পরিমাণে বনভূমি ধ্বংস করা হয়। সেই সময় মানুষের পক্ষে বোঝা সম্ভব হয়নি, এর প্রভাব পরবর্তী কালে পরিবেশের উপর পড়ে। ব্যাপক বনভূমি ধ্বংসের ফলে কমে মাটির আর্দ্রতা ও জলধারণ ক্ষমতা, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।
এঙ্গেলস ১৮৪৫ সালে লিখেছিলেন The Condition of the Working Class in England। এই আলোচনা থেকে মূলত তৎকালীন ইংল্যান্ডে শ্রমিক শ্রেণির অবস্থা বোঝা যায়। একাধারে যেমন ইংল্যান্ডের শিল্পবিপ্লব এবং কারখানার ব্যাপক সম্প্রসারণ নিয়ে কথা বলেছেন, অন্যদিকে কারখানার দূষিত বাতাস, নোংরা জল, অপরিচ্ছন্ন বসতি এবং অস্বাস্থ্যকর নিকাশি ব্যবস্থার প্রসঙ্গও তুলেছেন। এর থেকে বোঝা যায়, ব্যাপক শিল্পায়নের ফলে মুনাফা লুটেছে পুঁজিপতিরা। কিন্তু দূষিত হয়েছে পরিবেশ আর সেই দূষিত পরিবেশে থাকতে বাধ্য হয়েছেন শ্রমিক শ্রেণি।
ঐতিহাসিক এই উদাহরণগুলো আলোচনায় এনে আসলে এঙ্গেলস বোঝাতে চেয়েছিলেন, মানুষ তার তাৎক্ষণিক অর্থনৈতিক প্রয়োজনে পরিবর্তন করলেও তার প্রভাব পড়ে প্রকৃতির উপরেই।

আজকের পরিবেশ সংকট বুঝতে হলে এঙ্গেলসের এই পর্যবেক্ষণকে অনুধাবন করা জরুরি। বর্তমানে নির্বিচারে পাহাড় কেটে রাস্তা বানানো, নির্বিচারে খাদান কেটে খনিজ উৎপাদন, বনভূমি উজাড় করে কেটে ফেলা, উন্নয়নের নামে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে দেওয়া—যে বিপর্যয় ডেকে আনতে পারে, তার বিশ্লেষণে এঙ্গেলসের এই দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রাসঙ্গিক।
এঙ্গেলস কিন্তু বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতির বিরোধী ছিলেন না। বরং তিনি মনে করতেন, প্রকৃতির নিয়ম সম্পর্কে মানুষের বৈজ্ঞানিক জ্ঞান যত উন্নত হবে, প্রকৃতির সঙ্গে তার সম্পর্কও তত বেশি যুক্তিসংগত হয়ে উঠবে। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এবং উন্নতি কোন সামাজিক বাস্তবতায় হচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুতরাং বর্তমানে আমরা যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, আরও পরিষ্কারভাবে বললে, একটি বিকল্প সমাজব্যবস্থা তৈরির লড়াইয়ে রয়েছি, আমাদের প্রত্যেককে মানবসমাজের সঙ্গে প্রকৃতির সম্পর্ককে দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেখতে হবে।
অবশ্যই আমাদের প্রাথমিক কর্তব্য শ্রেণি আন্দোলনকে জোরদার করা। সেই কর্তব্যে ঋজু অবস্থান নিয়ে শ্রেণি আন্দোলনের সঙ্গে পরিবেশ ভাবনাকে জুড়ে প্রতিদিনের আন্দোলন-সংগ্রামের ময়দানে চলতে হবে।

পরিবেশ ভাবনা কেবল শহুরে কিছু উচ্চশিক্ষিত সিভিল সোসাইটির জন্য বরাদ্দ নয়। পরিবেশ ভাবনা আদতে সাধারণ জনগণের। আরও বড় অর্থে বললে, সর্বোপরি গোটা মানবসভ্যতার চলমান যাত্রার অন্যতম কেন্দ্র। তাই পরিবেশ ভাবনাকে মানবসভ্যতার ভবিষ্যৎ, উৎপাদনব্যবস্থার চরিত্র এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না।
এঙ্গেলসই বলে গেছেন,
"We, with flesh, blood and brain, belong to nature, and exist in its midst."
অর্থাৎ সহজ ভাষায় বললে, আমরা আমাদের রক্ত, মাংস, মস্তিষ্ক নিয়েই প্রকৃতির অংশ এবং এই প্রকৃতির মাঝেই আমাদের অস্তিত্ব।
প্রকাশের তারিখ: ২৮-নভেম্বর-২০২৬

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org